সারাবিশ্ব
এমপির ছেলের গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর
ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ভারতী মুখি নামে ২৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে সঞ্জুশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
নিহত ভারতী হায়দ্রাবাদের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে কাজ করতেন। গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
পুলিশ জানায়, গাড়িটি বেপরোয়া ও অসতর্কভাবে চালানো হচ্ছিল। তদন্তে গাড়িটির চালক হিসেবে সঞ্জুশকে শনাক্ত করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের জনসেনা পার্টির সংসদ সদস্য।
দুর্ঘটনায় ভারতী গুরুতর মাথায় আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর তাকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভারতী ও তার সহকর্মী পূজা অশোক দুপুরের খাবার খেতে কাছের আইটিসি কোহিনুর এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হচ্ছিলেন ভারতী। এ সময় দ্রুতগতির গাড়িটি তাকে ধাক্কা দেয়।
ভারতীর সঙ্গে থাকা পূজা পরে দোকানের ব্যবস্থাপক অশ্বিন কুমারকে বিষয়টি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
তবে এখনো সঞ্জুশকে গ্রেপ্তার করা হয়নি। মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানিয়েছেন, অভিযুক্তকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে করা মামলার ধারা জামিনযোগ্য। এ ছাড়া ওই ধারায় সর্বোচ্চ সাজা সাত বছরের কম হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি।
ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় মামলাটি করা হয়েছে। এই ধারায় অপরাধমূলক হত্যাকাণ্ডের পর্যায়ে না পড়া বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডে কারও মৃত্যুর অভিযোগের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: এনডিটিভি