সারাবিশ্ব
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার, শেষ মুহূর্তে পুলিশের বাধায় বাতিল
নয়াদিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে আয়োজিত একটি সেমিনার শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না পাওয়ায় বাতিল করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আয়োজক সংগঠনটি জানায়, দিল্লি পুলিশ শেষ মুহূর্তে সেমিনার আয়োজনের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সেমিনারটির প্রচারণা চালানো হয়। প্রকাশিত লিফলেটে অনুষ্ঠানের বিষয়বস্তু ও সম্ভাব্য বক্তাদের নামও উল্লেখ করা হয়েছিল।
সেমিনারে বক্তা হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদের। এছাড়া মানবাধিকারকর্মী, গবেষক এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিসহ আরও কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা ছিল।
ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ জানান, পুলিশ তাদের শুধু জানিয়েছে যে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি নেই। তবে কী কারণে অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে সেটি বাতিল করার অধিকার পুলিশের রয়েছে।
সেমিনার বাতিলের বিষয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের ৫ আগস্ট দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছিল একই সংগঠন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং ঢাকা ও দিল্লির সম্পর্কেও নতুন করে টানাপোড়েন দেখা দেয়।
এর পরিপ্রেক্ষিতে এবার দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কয়েকজন সাবেক বাংলাদেশি কূটনীতিকও মনে করছেন, শেখ হাসিনার ওই বক্তব্যের পর দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় একই ধরনের আরেকটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ আগ্রহী ছিল না।