সারাবিশ্ব
কলকাতার শিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশনের বাইরে একটি ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে আগুন লাগার পর দ্রুত পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল কর্মকর্তারা। পরে পরিস্থিতি পরিদর্শন করেন শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকসহ রেল প্রশাসনের একাধিক কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের সময় ফুড কোর্টটির অগ্নিনির্বাপণ ব্যবস্থাও যথাযথভাবে কাজ করেনি বলে জানা গেছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানির সংকটের মুখে পড়েন অগ্নিনির্বাপণকর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নেভানোর কাজে শিয়ালদহ স্টেশন থেকেও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের অতিরিক্ত সমস্যার মুখে পড়তে হয়।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।