সারাবিশ্ব

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে পুলিশ কম্পাউন্ডের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার জুমার নামাজের সময় ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় সজোরে আঘাত করে। এতে বিকট বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার সময় পুলিশ কম্পাউন্ডের ভেতরের একটি মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা জুমার নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের পর গাড়িতে থাকা আরেক হামলাকারী গুলি চালাতে শুরু করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।