সারাবিশ্ব
রিলস ভিডিওতে স্বর্ণ ও টাকার প্রদর্শন, ইনফ্লুয়েন্সারের বাড়িতে কোটি টাকার চুরি
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নগদ টাকা, স্বর্ণ ও হীরার গয়না প্রদর্শন করতেন ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবক মধুমিতা। এবার তার বাড়িতেই ঘটেছে বড় ধরনের চুরি। চোরেরা বাড়ির লকার ভেঙে প্রায় এক কোটি রুপি মূল্যের স্বর্ণ, হীরার গয়না ও নগদ টাকা নিয়ে গেছে।
শনিবার পুলিশ জানায়, নাগেরকোয়েলের ভিআইপি গার্ডেন এলাকায় মধুমিতার পারিবারিক বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চার লাখ ৫০ হাজারের বেশি অনুসারী থাকা এই প্রভাবকের বাড়ি থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণ ও হীরার গয়না এবং ৫০ হাজার রুপি নগদ চুরি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন মধুমিতা। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে লকার ভেঙে স্বর্ণালংকার, হীরা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। কেনাকাটা শেষে বাড়িতে ফিরে লকার ভাঙা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
মধুমিতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তার বিলাসী জীবনের নানা ছবি ও ভিডিও প্রকাশ করতেন। এসব ভিডিওতে নগদ টাকার বান্ডিল, স্বর্ণের ভারী গয়না ও হীরার অলংকার দেখা যেত। এমনকি একটি ভিডিওতে শিশুর গায়ে নগদ টাকা ছড়িয়ে দেওয়ার দৃশ্যও প্রকাশ করেছিলেন তিনি।
পুলিশের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব ভিডিও ও ছবি চুরির তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। মধুমিতার পোস্ট ও ভিডিও দেখে চোরেরা তার পরিবারের গতিবিধি এবং বাড়িতে মূল্যবান সামগ্রী থাকার বিষয়ে ধারণা পেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের পাঁচটি বিশেষ দল কাজ করছে।