সারাবিশ্ব
৪০ কিলোমিটার গাড়ির ছাদে ঝুলে চোরাকারবারিদের ধরলেন পুলিশ সদস্য
ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পুলিশের তল্লাশি চৌকি এড়িয়ে পালানোর সময় চলন্ত গাড়ির ছাদে উঠে তিন সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছেন এক পুলিশ সদস্য।
ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটোরের ভিলাঙ্কুরিচি এলাকায়। তামাকজাত পণ্য চোরাচালান ঠেকাতে সেখানে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি হুন্দাই ক্রেটা গাড়িকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
এ সময় প্রধান কনস্টেবল ভেলমুরুগান দৌড়ে চলন্ত গাড়িটির ছাদে উঠে পড়েন। পরে গাড়ির ছাদ শক্তভাবে আঁকড়ে ধরে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।
কোয়েম্বাটোর পুলিশের বরাতে জানা গেছে, দীর্ঘ পথ চলার পর শেষ পর্যন্ত গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ। পরে গাড়িতে থাকা তিন সন্দেহভাজনকে আটক করা হয়।
এই সাহসিকতাপূর্ণ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ সদস্য ভেলমুরুগানের সাহসিকতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি