সারাবিশ্ব
প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক
প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বাবাকে বন্দুকের মুখে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভারতের গুজরাটের সুরাটে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ অক্টোবর নির্মাণ ব্যবসায়ী মুকেশ নাহাটার ছেলে ঋষভ নাহাটা দুই বন্ধুকে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান। সে সময় বাড়িতে ছিলেন না ব্যবসায়ীর মেয়ে। তার সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার কারণ জানতে গিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ঋষভ। একপর্যায়ে দুই বন্ধুকে নিয়ে বন্দুকের ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে সুরাটের সিটি লাইট এলাকায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ঋষভের সঙ্গে ওই ব্যবসায়ীর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরবর্তী সময়ে ওই নারী সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ ছিলেন ঋষভ।
জিজ্ঞাসাবাদে ঋষভ দাবি করেন, তার এক নারী বন্ধুকে ওই ব্যবসায়ীর মেয়ে ফোনে গালিগালাজ করেছিলেন। বিষয়টি জানতে ওই নারীর বাড়িতে যান তিনি। তবে তাকে বাড়িতে না পেয়ে তার বাবার সঙ্গে কথা বলেন বলে দাবি করেন ঋষভ।
গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন আদাজানের বাসিন্দা দেব কেতন আহির এবং উমরগামের বাসিন্দা লক্ষ্মণ রাঠোর। পুলিশের ভাষ্য, দেব ঋষভের বন্ধু এবং অপহরণে ব্যবহৃত পিস্তলটি তার কাছে ছিল। অন্যদিকে লক্ষ্মণ ওই নির্মাণ প্রতিষ্ঠানের কার্যালয়ে কাজ করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া তিনজনেরই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে পূর্বসম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৪১ লাখ ৪০ হাজার রুপি মূল্যের বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।