সারাবিশ্ব
কনসার্টের ক্যামেরায় ধরা পড়ল সিইও ও এইচআরের ঘনিষ্ঠ মুহূর্ত, ভিডিও গেল স্ত্রীর হাতে
বস্টনে কোল্ডপ্লের কনসার্ট, আর তার মধ্যেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়া এক দৃশ্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ১৬ জুলাইয়ের সেই কনসার্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না গানের পরিবেশনা, বরং এক দম্পতির সম্পর্কের টানাপোড়েন এবং অফিস-প্রেম নিয়ে শুরু হওয়া গুঞ্জন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনোমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার (এইচআর প্রধান) ক্রিস্টিন ক্যাবট একসঙ্গে কনসার্টে ছিলেন। যখন ‘কিস ক্যাম’ তাদের দিকে ঘুরে আসে, তখন দুজনেই হঠাৎ করে অস্বস্তিতে পড়ে যান—চোখে-মুখে অপ্রস্তুত ভাব, হঠাৎ দূরে সরে যাওয়া, মুখ লুকানোর চেষ্টা—সব মিলে মুহূর্তটি হয়ে ওঠে সন্দেহজনক।
স্টেজ থেকে গায়ক ক্রিস মার্টিন তখন ঠাট্টা করে বলেন, "ওদের দেখুন! হয়ত এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক!" এই কথার পর হাসিতে ফেটে পড়ে দর্শকরা, আর সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে টিকটক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায়, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবট হলেন তার সহকর্মী ও অ্যাস্ট্রোনোমারের মানবসম্পদ প্রধান।
ঘটনার পর মেগান কেরিগান ফেসবুকে নিজের প্রোফাইল থেকে ‘বায়রন’ পদবি সরিয়ে ফেলেন এবং পরে পুরো অ্যাকাউন্টই মুছে দেন—যা থেকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও গাঢ় হয়।
এখনও পর্যন্ত অ্যাস্ট্রোনোমার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন—সিইও ও এইচআর প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠানটির নৈতিকতা ও কর্মপরিবেশে কী বার্তা দেয়?
অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবট—দুজনই এখনো পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে কনসার্টের একটি মুহূর্ত যে কীভাবে পেশাদার জীবনের বড় বিতর্কে পরিণত হতে পারে, তার এক বিরল উদাহরণ হয়ে থাকল এই ঘটনা।