সারাবিশ্ব
এক ভারতীয় চালকের কারণে সব ট্রাক চালকের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!
এক ভারতীয় ট্রাকচালকের জড়িত থাকার ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে বিদেশি ট্রাক চালকদের ওয়ার্কার ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
শুক্রবার (২২ আগস্ট) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
ঘটনার সূত্রপাত ফ্লোরিডার একটি হাইওয়েতে ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে। অভিযোগ অনুযায়ী, হরজিন্দর সিং নামে এক ভারতীয় ট্রাকচালক নিয়ম না মেনে একটি ট্রাক দিয়ে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে। এতে তিনজন নিহত হন। ঘটনার পরই নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের ঘটনার জন্যই বিদেশি ট্রাকচালকরা মার্কিন রাস্তায় ঝুঁকির কারণ হয়ে উঠেছেন। এক্সে দেওয়া পোস্টে মার্কো রুবিও বলেন, “আমরা বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সব ওয়ার্কার ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করছি। আমেরিকানদের জীবন বিপন্ন হতে দেওয়া যাবে না।”
ঘাতক ট্রাকচালক হরজিন্দর সিং সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ জানায়, তিনি মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, তিনি দুর্ঘটনার পর তার ইংরেজি দক্ষতা পরীক্ষায়ও ব্যর্থ হন।
তবে এনডিটিভির প্রতিবেদন বলছে, হরজিন্দর সিং বৈধভাবেই বাণিজ্যিক লাইসেন্স পেয়েছেন এবং ক্যালিফোর্নিয়া রাজ্যে বসবাস করছেন। ফলে এই ঘটনায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও যুক্ত হয়েছে। কারণ, ক্যালিফোর্নিয়া পরিচালিত হচ্ছে ডেমোক্র্যাটিক প্রশাসনের অধীনে, যারা অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতির বিরোধিতা করে থাকে।
এই ঘটনার পর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দিকেও আঙুল তুলেছে ট্রাম্প প্রশাসন। তবে গভর্নরের দপ্তর থেকে পাল্টা দাবি করা হয়, হরজিন্দর সিংয়ের ওয়ার্ক পারমিট ফেডারেল সরকারই দিয়েছে ট্রাম্পের সময়, আর ক্যালিফোর্নিয়া কেবল প্রয়োজনীয় আইনি সহযোগিতা করেছে।