সারাবিশ্ব

রাশিয়ার জ্বালানির জন্য ভারতকে চড়া শুল্ক গুনতে হবে: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

রাশিয়ার জ্বালানির জন্য ভারতকে চড়া শুল্ক গুনতে হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে আরও বেশি শুল্ক দিতে হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১৯ অক্টোবর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী আমাকে বলেছেন, তিনি রাশিয়ার তেল আর কিনবেন না। কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে তাদের আরও শুল্ক দিতে হবে।”

ভারত সরকারের অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, “যদি তারা বলে রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তাহলে শুধু শুল্কই দিতে হবে— কিন্তু তারা তা করতে চায় না।”

এর আগে গত বুধবারও ওভাল অফিসে বসে একই দাবি করেছিলেন ট্রাম্প। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এমন কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ভারত তেল ও গ্যাস আমদানি করে গ্রাহকদের স্বার্থরক্ষার লক্ষ্যে। আমাদের নীতি হলো জ্বালানির স্থিতিশীল মূল্য এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা।”

শুরু থেকেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্প প্রশাসনের আপত্তি রয়েছে। এ নিয়েই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। ট্রাম্পের দাবি, “ভারত তার তেলের জোগানের প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে নেয়, যা ইউক্রেনে যুদ্ধ পরিচালনায় মস্কোর অর্থায়ন বাড়ায়।”

বর্তমানে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে ২৫ শতাংশ বাড়তি শুল্কসহ মোট ৫০ শতাংশ পর্যন্ত কর দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রে।