সারাবিশ্ব
আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপ না থাকলে অনেক আগেই ধ্বংস হয়ে যেত ইসরায়েল। এমনকি তাকে ছাড়া দেশটির অস্তিত্বই থাকত না বলেও মন্তব্য করেন তিনি। এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
জি-৭ সম্মেলনে শেখ তামিম বিন হামাদ আল থানি-এর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের টিকে থাকা সম্ভব হতো না। তার ভাষায়, অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট তার মতো পদক্ষেপ নিতে আগ্রহী ছিলেন না।
তিনি আরও বলেন, তার সম্পৃক্ততা না থাকলে বহু আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত।
এদিকে, লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি মনে করেন, লেবাননে ঘন ঘন হামলা শান্তি প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলছে।
লেবাননের অতীত প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি একসময় অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবীদের জন্য পরিচিত ছিল এবং মেধাবীদের একটি কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। তবে বর্তমানে দেশটির পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার এক ফোনালাপে নেতানিয়াহুর বিচারবোধ নিয়েও সমালোচনা করেছিলেন ট্রাম্প।