সারাবিশ্ব
শি জিনপিংকে ‘টাকমাথা ঈগল’ উপহার দিলেন ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটনে রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ‘টাকমাথা ঈগল’–এর একটি বিশেষ ভাস্কর্য উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার উন্মোচন করা ভাস্কর্যটিকে ‘আমেরিকার মুক্ত ও অদম্য চেতনার’ প্রতীক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে এই ভাস্কর্যের নকশায় তিনিও অংশ নিয়েছিলেন।
অন্যদিকে, একই দিন সকালে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আটলান্টার চিড়িয়াখানায় দুটি পান্ডা উপহার দেওয়ার ঘোষণা দেন শি জিনপিং। পাশাপাশি আগামী পাঁচ বছরে এক লাখ মার্কিন শিক্ষার্থীকে চীনে পড়াশোনার সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তিন দিনের এই শীর্ষ সম্মেলনে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই উপহার বিনিময় করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিতে উপহারের বিশেষ গুরুত্ব থাকলেও মার্কিন সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট বিদেশি সরকারের কাছ থেকে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৫২৫ ডলার মূল্যের উপহার রাখতে পারেন। এর বেশি মূল্যের উপহার রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হয়।
গবেষকদের মতে, কূটনৈতিক উপহারের ক্ষেত্রে অতীতে সফল ও বিব্রতকর দুই ধরনের ঘটনাই ঘটেছে। ২০১৩ সালে শি জিনপিংকে দেওয়া বারাক ওবামার কাঠের বেঞ্চের উদাহরণ যেমন রয়েছে, তেমনি ২০০৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে ওবামার দেওয়া অচল ডিভিডি সেটের ঘটনাও রয়েছে। এ কারণে কূটনৈতিক জটিলতা এড়াতে রাষ্ট্রীয় উপহারের বিষয়টি দীর্ঘ সময় ধরে আলোচনা করে চূড়ান্ত করা হয়।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শি জিনপিংয়ের সঙ্গে এটি তার তৃতীয় মুখোমুখি বৈঠক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতা এবং চলমান বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সম্মেলনে দুই দেশের অস্থায়ী বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হয়েছে।
সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্কের মতে, জমকালো আয়োজন ও উপহার বিনিময়ের পেছনে মূল লক্ষ্য হলো সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ এড়িয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা।
সূত্র: বিবিসি