আইন আদালত
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আজ
২০০৪ সালের ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যবিশিষ্ট বৃহত্তর বেঞ্চ এ রায় প্রদান করবেন।
এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।
তারেক রহমানের আইনজীবীরা জানিয়েছেন, তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তবে লুৎফুজ্জামান বাবরের আইনজীবীর দাবি, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের কারণেই ২১ আগস্ট মামলাটি ভিন্ন খাতে মোড় নিয়েছে।”
এর আগে গত ১২ জানুয়ারি হাইকোর্ট এই মামলার সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ে উল্লেখ করেন, মামলাটির বিচার প্রক্রিয়া অবৈধ এবং চার্জশিট আইনত গ্রহণযোগ্য ছিল না। এর ফলে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের রায় বাতিল হয়।
তবে রাষ্ট্রপক্ষ ওই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে। গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে এ আপিল শুনানির অনুমতি দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পৌঁছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের অনেকেই আজও শরীরে স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।