আইন আদালত

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের অভিযোগে করা এক মামলায় প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ভুয়া স্বাক্ষর ও জাল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এ মামলায় সিমিন রহমানের পাশাপাশি লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান এবং ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মামলার মোট ছয় আসামির মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে হাজির হন। তাদের পক্ষে আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তবে সিমিন রহমানসহ অপর তিন আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে, গত ১১ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে সিমিন রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।