আইন আদালত
শিশু রামিসা হত্যা মামলায় আজই ঘোষণা হতে পারে রায়ের দিন
আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আজই রায়ের তারিখ ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করা হবে। যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার দিন নির্ধারণ করতে পারেন। রাষ্ট্রপক্ষের আশা, আগামী সপ্তাহের শুরুতেই মামলার রায় দেওয়া হবে।
এর আগে বুধবার মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না বেগমের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রধান আসামি সোহেল রানা প্রথমে ঘটনার দায় অন্য একজনের ওপর চাপানোর চেষ্টা করলেও পরে নিজের অপরাধের কথা স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার স্ত্রী স্বপ্না বেগম নির্দোষ।
অন্যদিকে স্বপ্না বেগম আদালতে নিজেকে নির্দোষ দাবি করে মুক্তি প্রার্থনা করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, এসব বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত ও বিলম্বিত করার কৌশল ছাড়া কিছু নয়।
আসামিপক্ষের আইনজীবী জানান, নিজেদের পক্ষে নতুন কোনো সাফাই সাক্ষী হাজির করবেন না তারা।
গত মঙ্গলবার একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রামিসার বাবা-মা, বোন এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
তদন্ত শেষে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্না বেগমের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। পরে ১ জুন দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্তের তথ্য এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।