আইন আদালত

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার (১২ জুলাই) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। অন্যথায় সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফেরার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি কারাগারে পাঠানো হবে।

এদিকে ট্রাইব্যুনালের চলমান মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই এ সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের প্রধান ১০টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। খুব শিগগিরই এসব মামলার প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণ—উভয় ক্ষেত্রেই আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের এই শীর্ষ আইন কর্মকর্তা।