লাইফস্টাইল

মানসিক চাপ কমানোর নতুন সহজ উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা


লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম

মানসিক চাপ কমানোর নতুন সহজ উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

আধুনিক জীবনে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে অফিসের টেনশন, বাসার ঝামেলা, চারপাশের দৌড়ঝাঁপ সব মিলিয়ে দিনশেষে আমরা প্রায় সবাই মানসিকভাবে ক্লান্ত। কিন্তু এই চাপ যদি প্রতিদিন জমতে থাকে, তাহলে তা শারীরিক ও মানসিকভাবে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

এই চাপ থেকে মুক্তি পেতে কী করবেন? সেই প্রশ্নেরই একটা কার্যকর ও বাস্তবসম্মত উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

সম্প্রতি ‘কমিউনিকেশনস সাইকোলজি’ নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে দৈনন্দিন মানসিক চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো "নিয়ন্ত্রণের অনুভূতি" গড়ে তোলা।

stress_Dhakaprokash.jpg

ছোট ছোট কাজেই মিলবে বড় স্বস্তি-

গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ মনে করে তারা নিজেদের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারছে, তারা দৈনন্দিন ঝামেলাগুলো সমাধানে অনেক বেশি সক্রিয় ভূমিকা নেয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে পাইপ লিক হলে দেরি না করে প্লাম্বার ডাকা বা কারো সঙ্গে দরকারি কথাবার্তা সেরে ফেলা।

গবেষকদের মতে, যেদিন কেউ মনে করেন যে তিনি চাপ সামলাতে পারছেন, সেদিন তিনি আগের চেয়ে ৬২% বেশি কার্যকর সিদ্ধান্ত নেন।

stress2_Dhakaprokash.jpg

বয়স বাড়লে নিয়ন্ত্রণ বেড়ে যায়-

গবেষণায় অংশ নেয় প্রায় ১,৭০০ জন মানুষ, যাদেরকে ১০ বছর ধরে ফলো করা হয়। দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমস্যা সামাল দেওয়ার দক্ষতাও বাড়ে, এবং নিয়ন্ত্রণের অনুভূতিও আরও দৃঢ় হয়। শুরুতে যারা নিজেদের জীবন কিছুটা নিয়ন্ত্রণে মনে করতেন, তারা ৬১% ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারতেন। ১০ বছর পর এই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৫%-এ।

গবেষণার অন্যতম লেখক অধ্যাপক ডেভিড আলমেইদা বলেন, “নিয়ন্ত্রণের অনুভূতি যত বাড়ে, ততই আমরা দৈনন্দিন চাপগুলো সহজে সামাল দিতে পারি। এটা শুধু চাপ কমায় না, দীর্ঘমেয়াদে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো রাখে।”

stress3_Dhakaprokash.jpg

চাপ কমাতে যেভাবে নিয়ন্ত্রণ গড়ে তুলবেন-

গবেষকরা বলছেন, নিয়ন্ত্রণের অনুভূতি খুব বড় কিছু নয়—বরং ছোট ছোট পদক্ষেপেই এটি গড়ে তোলা যায়। যেমন:

* দিনের কাজগুলো অগ্রাধিকার অনুযায়ী সাজানো

* নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর দিকেই মনোযোগ দেওয়া

ডাকোটা উইটজেল নামের প্রধান গবেষক জানান, “চাপ নিয়ন্ত্রণে রাখা কোনো স্থায়ী বৈশিষ্ট্য নয় বরং আমরা চাইলে এটিকে চর্চার মাধ্যমে গড়ে তুলতে পারি। এই সামর্থ্যটাই ভবিষ্যতের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় সম্পদ।”

stress4_Dhakaprokash.jpg

সাময়িক নয়, দীর্ঘমেয়াদী সমাধানও জরুরি-

এই গবেষণাটি মূলত দৈনন্দিন মানসিক চাপ (ডেইলি স্ট্রেস) নিয়ে হলেও, গবেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি বা ক্রনিক স্ট্রেস কমাতেও এই ‘স্ট্রেস রেজ্যুলেশন’ পদ্ধতি কার্যকর হতে পারে। ভবিষ্যতে তারা এ নিয়েই আরও বিস্তৃত গবেষণা করতে চান।

নিজেকে অসহায় ভাবা নয়, বরং নিজের হাতের মধ্যে যতটুকু আছে, সেটার ওপর নিয়ন্ত্রণ গড়ে তুলুন—এই ছোট চর্চাই আপনাকে মানসিক চাপ থেকে বড় পরিমাণে মুক্তি দিতে পারে।