লাইফস্টাইল

আজ বিশ্ব তরমুজ দিবস, জেনে নিন সুস্বাদু এই ফলের পাঁচ হাজার বছরের ইতিহাস


লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

আজ বিশ্ব তরমুজ দিবস, জেনে নিন সুস্বাদু এই ফলের পাঁচ হাজার বছরের ইতিহাস
ছবি: সংগৃহীত

আজ ৩ আগস্ট, বিশ্ব তরমুজ দিবস। গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ও রসালো ফল তরমুজের স্বাদ, পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরতেই বিশ্বজুড়ে পালিত হয় এ দিনটি। শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করা, হজমে সহায়তা করা এবং ত্বক ও চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফলটি সবার কাছেই সমাদৃত। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসও রয়েছে তরমুজের।

গরমের সময় সব বয়সী মানুষের পছন্দের ফলগুলোর মধ্যে অন্যতম তরমুজ। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকায় শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে এটি কার্যকর ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে নীল নদের উপত্যকায় তরমুজের চাষাবাদ শুরু হয়।

ইতিহাস থেকে জানা যায়, প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে প্রথম তরমুজের চাষ শুরু হয়। দ্বাদশ মিশরীয় রাজবংশের রাজা তুতানখামেনের সমাধি থেকেও তরমুজের বীজ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাচীন মিশরীয় শিলালিপিতেও বিভিন্ন ধরনের তরমুজের চিত্রের উল্লেখ রয়েছে।

গবেষকদের ধারণা, আফ্রিকার কালাহারি মরুভূমির বাণিজ্যপথ ধরে ব্যবসায়ীদের মাধ্যমে তরমুজের বীজ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও ইউরোপে এর চাষ বিস্তার লাভ করে। নবম শতাব্দীর শেষ দিকে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশেও তরমুজের চাষ শুরু হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৩০০টিরও বেশি জাতের তরমুজ চাষ করা হয়।

স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও সমৃদ্ধ তরমুজ। এতে থাকা পানি ও খাদ্যআঁশ শরীরকে সতেজ রাখতে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে। কম ক্যালোরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সচেতন ব্যক্তিদের জন্যও এটি উপকারী একটি ফল।

এছাড়া তরমুজে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বককে কোমল ও উজ্জ্বল রাখতে এবং চুলকে মজবুত করতে ভূমিকা রাখে। নিয়মিত পরিমিত পরিমাণে তরমুজ খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

রসালো, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত এই ফলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ৩ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব তরমুজ দিবস।