গণমাধ্যম
নরসিংদীতে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত ৫ সাংবাদিক
নরসিংদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের খবর সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সদর হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন আরও চার সাংবাদিক। আহত অন্য সাংবাদিকরা হলেন- সময় টিভির নরসিংদী স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, একাত্তর টিভির ক্যামেরাম্যান মো. ঈদুল ফিতর, সময় টিভির ক্যামেরাম্যান মাহফুজুর রহমান এবং আরও একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফটোসাংবাদিক।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা গেছে, আলোকবালী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলে সংবাদ সংগ্রহে হাসপাতালে যান সাংবাদিকরা। সেখানে বহিষ্কৃত ইউনিয়ন বিএনপি নেতা কাইয়ুমকে ঘিরে সম্প্রতি প্রচারিত সংবাদের জের ধরে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তাক্ত অবস্থায় তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
হামলার সময় সাংবাদিকদের আত্মচিৎকারে হাসপাতালে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিছু হটে। পরে আহত সাংবাদিকরা হাসপাতালে আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সদর থানাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে নিয়মিত মামলা নেওয়া হবে।”