জাতীয়
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
মুসলিম বিশ্বের উন্নয়নে ইসলামিক এনজিওগুলোকে আরও সক্রিয়ভাবে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক এনজিও নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রফেসর ইউনূস বলেন, "আমরা নারীদের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতে গুরুত্ব দিয়ে কাজ করছি। দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। তাদের পাশে দাঁড়াতে স্বাস্থ্যসেবাকে একটি কার্যকর সামাজিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা জরুরি।"
তিনি সামাজিক ব্যবসাকে দারিদ্র্য বিমোচনের একটি শক্তিশালী হাতিয়ার উল্লেখ করে বলেন, "সামাজিক ব্যবসা এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে বিনা মুনাফায় টেকসইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। তরুণ প্রজন্মকে আমি এ খাতে এগিয়ে এসে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাই।"
এ সময় অংশগ্রহণকারী ইসলামিক এনজিও প্রতিনিধিরা জানান, ড. ইউনূসের প্রচারিত সামাজিক ব্যবসার মডেল তাদের অনেককে নিজ নিজ দেশে এমন উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্সের (এটিএএ) প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ডের সদস্য ড. সালামুন বশরি।
এ ছাড়া অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, সাওয়াবের চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউ হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনআইডব্লিউ কাউন্সিল মেম্বার ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ উপস্থিত ছিলেন।