জাতীয়
সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি
সারা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় আধিপত্য বিস্তার করে চলা গোষ্ঠী বা ব্যক্তিদের চিহ্নিত করে তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ—এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, "দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তারা যদি সহযোগিতা করে, তাহলে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারব।"
তিনি আরও জানান, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঘটনার পর এখনো পুলিশের মনোবলে কিছুটা প্রভাব রয়ে গেছে। যার ফলে তারা অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত মাত্রায় সাড়া দিতে পারছে না।
এর আগে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বিচার প্রক্রিয়ায় ধীরগতির দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না।"
উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে সম্প্রতি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। ৯ জুলাই সন্ধ্যায় সোহাগ ওরফে চাঁদ মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এরপর তার মরদেহের ওপর নৃশংসতা চালানো হয়।
ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।