জাতীয়

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ফ্রিজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ফ্রিজ
সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তার নামে থাকা স্থাবর সম্পত্তি এবং ব্যাংক হিসাব জব্দ ও ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসব সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজ করার আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি পুলিশের আইজিপি থাকা অবস্থায় এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেন এবং বর্তমানে তা আত্মীয়স্বজনের নামে হস্তান্তরের চেষ্টা করছেন।

তদন্তে উঠে আসে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেক অ্যাভিনিউ এবং লেক স্ট্রিট এলাকায় বেনজীর আহমেদের নামে দুটি স্থাবর সম্পদ রয়েছে, প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার। এছাড়া, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক (যুক্তরাষ্ট্র) এবং সিআইএমবি ইসলামিক ব্যাংক (মালয়েশিয়া)-এ তার এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি করে ব্যাংক অ্যাকাউন্টও তদন্তাধীন সম্পদের আওতায় পড়েছে।

দুদক আশঙ্কা প্রকাশ করে জানায়, অভিযুক্ত ব্যক্তি এসব সম্পদ স্থানান্তর করে মামলার বিচারে রাষ্ট্রের স্বার্থে বাজেয়াপ্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন। তাই আদালতে অভিযোগপত্র দাখিলের আগেই এসব সম্পদ জব্দ করা প্রয়োজন বলে মনে করছে তদন্ত সংস্থা।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক পর্যায়ে অবৈধ সম্পদের অনুসন্ধান ও সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি। বিষয়টি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর ভেতরের দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।