জাতীয়

উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হবে জানতো হ্যাকাররা!


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম

উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হবে জানতো হ্যাকাররা!
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার দুপুরে বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। 

এ ঘটনায়  এখন পর্যন্ত বিমানের পাইলটসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।  নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এদিকে স্কুল ভবনে বিধ্বস্ত হবে  ‘অ্যানোনিমাস’ নামে একটি পেজ থেকে আগেই সতর্ক  করেছিলো হ্যাকাররা! গতকাল রাত ২টা ৫০ মিনিটে ফেসবুক পোস্টে তারা আগাম বার্তা দিয়ে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পোস্টে তারা লিখে,  একটি স্কুল ভবন ধসে পড়বে, যার ফলে অনেক শিশুর প্রাণহানি ঘটবে। আমরা একটি ভয়াবহ দুর্যোগকে দ্রুত আসতে দেখছি। এই দুর্ঘটনার কারণ হবে ভবনের অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাব। আমরা এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে আমাদের সর্বশক্তি প্রয়োগ করব।

 

এমন আগাম বার্তার পরেই দুপুরে রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় ।

দুর্ঘটনার পরেই তারা আরেকটি পোস্টে জানায়, আজ সকালে বাংলাদেশের উত্তর ঢাকা অঞ্চলে একটি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান একটি স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে অজ্ঞাত সংখ্যক ব্যক্তি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এখন, ‘অ্যানোনিমাস’-এর ব্যাপারে একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে — আমরা আগেই এই ধরনের সতর্কবার্তা পাঠিয়ে দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সতর্কবার্তাগুলো সবসময় অবহেলা করা হয়। এটা সত্যিই লজ্জাজনক যে আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হয় না।

বর্তমানে ঘটনা এবং উদ্ঘাটনগুলো প্রত্যাশার চেয়েও দ্রুত ঘটছে। তাই এখনই সময়, সতর্কভাবে এগুলো শোনা এবং যথাসময়ে কার্যকর সমাধান খোঁজার — এর আগে যে তা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

এমন আগাম খবর তারা কিভাবে পূর্বেই জানতে পারে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।

তবে বিধ্বস্ত হওয়া এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনের জন্য বিমানবাহিনী ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।