জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, ২৫ জনই শিশু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, ২৫ জনই শিশু
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে অন্তত ২৫ জনই শিশু, যাদের বেশিরভাগের বয়স ১২ বছরের নিচে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, “নিহত ২৭ জনের মধ্যে ২০ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের শনাক্ত ও হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

দগ্ধ ও আহতদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বর্তমানে ৭৮ জন আহত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”

দুর্ঘটনায় দগ্ধ শিশুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, “অনেক শিশুর শরীরের একটি বড় অংশ পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রস্তুত আছি।”

এদিকে, বিমান দুর্ঘটনার ভয়াবহতা ও প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজন হতাহত হন। পুরো এলাকা আতঙ্ক আর কান্নায় স্তব্ধ হয়ে পড়ে।

এই হৃদয়বিদারক ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। জাতি আজ শোকাভিভূত, আর অভিভাবক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।