জাতীয়

মাইলস্টোন ট্রাজেডি: সারাদেশে মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম

মাইলস্টোন ট্রাজেডি: সারাদেশে মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ (শুক্রবার) দেশজুড়ে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে, আর অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনা করা হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদারের স্বাক্ষরিত একটি নির্দেশনাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশব্যাপী এই দোয়া ও প্রার্থনার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতেই মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

সরকার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে।

এ ছাড়া, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে, যার বিস্তারিত শিগগির ঘোষণা করা হবে।