জাতীয়

শাহজালালে প্রবাসী যাত্রীর সোনা চুরি করে চাকরি হারালেন কাস্টমস কর্মকর্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম

শাহজালালে প্রবাসী যাত্রীর সোনা চুরি করে চাকরি হারালেন কাস্টমস কর্মকর্তা
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে শেষ পর্যন্ত চাকরি হারালেন কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা। অভিযুক্ত পিংকু রায় ছিলেন ঢাকা কাস্টম হাউসের আওতাধীন ‘গুদাম কর্মকর্তা’ হিসেবে কর্মরত। চুরির ঘটনা তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৯ জুলাই) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে পিংকু রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির প্রক্রিয়া শুরু হয়।

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি, দুবাই ফেরত যাত্রী মহিবুর রহমান সকাল ৬টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিল একটি সোনার বার (১১৬ গ্রাম)। নিয়ম মেনে শুল্ক পরিশোধ করে যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। পরে তিনি বুঝতে পারেন, প্যান্টের ভেতরে রাখা সোনার বারটি নেই।

সন্দেহ হওয়ায় তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অভিযোগ দায়ের করেন। তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে যাত্রীর সোনার বারটি ফ্লোরে পড়ে যায়। এরপর ডিউটিতে থাকা কাস্টম কর্মকর্তা পিংকু রায় সেই বারটি প্রথমে লাথি মেরে একপাশে সরিয়ে ফেলেন, পরে সুযোগ বুঝে পকেটে তুলে নেন।

চুরির অভিযোগ প্রমাণিত হওয়ার পর পিংকু রায়ের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তাকে কারণ দর্শানোর নোটিশ, অভিযোগপত্র, তদন্ত এবং শুনানির সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরামর্শে এবং সরকারি কর্ম কমিশনের মত অনুযায়ী, তার অপরাধকে ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত’ হিসেবে উল্লেখ করে বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

এনবিআরের এক কর্মকর্তা জানান, এমন ঘটনায় রাজস্ব বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।