জাতীয়

আগস্টেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, নতুন ভোটার ৪৪ লাখ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম

আগস্টেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, নতুন ভোটার ৪৪ লাখ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১০ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধনের বিষয়টি বিলম্বিত হওয়ায় ইসি শুরুতে একটি সম্পূরক তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আইন সংশোধন হয়ে যাওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি ও সংশোধন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, সর্বশেষ হালনাগাদে ৪৪ লাখ ৬৬ হাজারের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের তথ্য শিগগিরই প্রকাশ পাবে।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। নির্বাচন কমিশন এই তালিকাকে ঘিরে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে কমিশন। আর নির্বাচনের সম্ভাব্য তারিখ দ্রুতই ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।