জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার হ্রাসের চুক্তি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার হ্রাসের চুক্তি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তিকে বাংলাদেশের জন্য একটি “গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ড. ইউনূসের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম— তা আমাদের আলোচক দলের কৌশলগত সক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।”

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ট্যারিফ আলোচনায় আমাদের প্রতিনিধি দল নিরলসভাবে কাজ করেছে। আলোচনায় শুল্ক, অ-শুল্ক প্রতিবন্ধকতা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে অত্যন্ত সফলভাবে সামাল দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ এখন বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আরও বিস্তৃত প্রবেশাধিকার লাভ করছে।

ড. ইউনূস বলেন, “এই অর্জন শুধু তাৎক্ষণিক সুবিধা নয়, বরং এটি আমাদের দীর্ঘমেয়াদে দ্রুত উন্নয়ন, বৈশ্বিক অর্থনীতিতে আরও দৃঢ় অবস্থান এবং একটি শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দিচ্ছে।”

এর আগে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আগে আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করে। নতুন এই হার শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে বলে হোয়াইট হাউস এক ঘোষণায় জানিয়েছে। একই ঘোষণায় পাকিস্তান, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মিয়ানমারসহ আরও কয়েকটি দেশের ওপরও বিভিন্ন হারে শুল্ক আরোপের তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের ট্যারিফ আলোচনায় নেতৃত্ব দেওয়া দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই সাফল্য বাংলাদেশের জাতীয় দৃঢ়তা এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের সাহসী প্রত্যয়ের প্রতিফলন।”