জাতীয়

এবার সরকার ভাড়া করল ৮ জোড়া ট্রেন, ঢাকায় আসছেন ছাত্র-জনতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

এবার সরকার ভাড়া করল ৮ জোড়া ট্রেন, ঢাকায় আসছেন ছাত্র-জনতা
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকায় সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনের মাধ্যমে ৫ আগস্ট দুপুরের মধ্যে বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষকে রাজধানীতে আনা হবে এবং কর্মসূচি শেষে তাদের গন্তব্যে ফিরিয়ে দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ ট্রেনগুলোর মোট ভাড়া ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বহন করবে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের চিঠির ভিত্তিতে দ্রুত রেলপথ মন্ত্রণালয় এ ব্যবস্থা গ্রহণ করে।

ট্রেনগুলোর রুট ও ভাড়া:

চট্টগ্রাম থেকে: ১৬ কোচ, ৮৯২ আসন, ভাড়া ৭ লাখ+

জয়দেবপুর (গাজীপুর) থেকে: ৮ কোচ, ৭৩৬ আসন, ভাড়া ৭২,৫০০ টাকা

নারায়ণগঞ্জ থেকে: ১০ কোচ, ৫১০ আসন, ভাড়া ৫৬,৫০০ টাকা

নরসিংদী থেকে: ১২ কোচ, ৬৫২ আসন, ভাড়া ৯৫,০০০ টাকা

সিলেট থেকে: ১১ কোচ, ৫৪৮ আসন, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা

রাজশাহী থেকে: ৭ কোচ, ৫৪৮ আসন, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা

রংপুর থেকে: ১৪ কোচ, ৬৩৮ আসন, ভাড়া সাড়ে ১০ লাখ টাকা

ভাঙা (ফরিদপুর) থেকে: ৭ কোচ, ৬৭৬ আসন, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা


আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনের মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণাপত্র পাঠ করতে পারেন বলে জানা গেছে। এতে অংশ নেবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা।

যাত্রাসূচি অনুযায়ী:

রংপুর থেকে ট্রেনটি ছাড়বে ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়

চট্টগ্রাম, সিলেট, রাজশাহী থেকে ট্রেন ছাড়বে ৫ আগস্ট ভোরে

গাজীপুর, নরসিংদী, ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে দুপুরের আগে

ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে

কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে রওনা দেবে

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ট্রেনেই নির্ধারিত আসনের বাইরেও অনেক যাত্রী আসবে দাঁড়িয়ে। পুরো ব্যবস্থাপনাটি সুচারুভাবে পরিচালনায় একটি আলাদা সূচিপত্রও প্রস্তুত করা হয়েছে।