জাতীয়

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আজ বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে।

প্রেস উইং জানায়, এই চিঠি পাঠানো হয়েছে গতকাল ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবসে' জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের ধারাবাহিকতায়। ওই ভাষণে তিনি ঘোষণা দিয়েছিলেন, নির্বাচন কমিশনকে দ্রুত প্রস্তুতির জন্য আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে নির্বাচনী প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন। বিগত ১৫ বছরে জনগণ যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সে বাস্তবতায় সামনে রেখে এবারের নির্বাচন যেন ‘মহা-আনন্দের ভোট উৎসবে’ পরিণত হয়, সে লক্ষ্যেই ইসিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্বাচন সামনে রেখে এই চিঠিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটি নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াবে এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দিকেও ধাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।