জাতীয়

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৩ পিএম

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে সচিবালয়ের প্রেস ক্লাবমুখী ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তিনি।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের (১ নম্বর ভবন) ৫ তলায় সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজে। উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। একমাত্র ১ নম্বর গেট খুলে রাখা হয়েছে, বাকি সব গেট বন্ধ। ওই গেটে সোয়াত বাহিনী মোতায়েন করা হয়েছে, সঙ্গে রয়েছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কেবল স্টিকারযুক্ত গাড়িই সচিবালয়ে প্রবেশের অনুমতি পেয়েছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সচিবালয়ের বাইরে ও ভেতরে একাধিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এটি সেখানে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিত হতো যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে। তবে সরকার পতনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কার করে বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয়। এরপর থেকে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে নিয়মিত।