জাতীয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল বেলা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে, চলতি বছরের ১৮ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) কলিমুল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তার বিরুদ্ধে নির্বাচনের বৈধতা প্রদানসহ নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পক্ষে অবস্থান এবং তা নিয়ে সংশ্লিষ্ট নানা বক্তব্য তাকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
উপাচার্য থাকাকালীন সময়েও কলিমুল্লাহ বারবার ছিলেন আলোচনায়। বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে অভিযোগ যেমন উঠেছে, তেমনি বিতর্কিত হয়ে উঠেছিল তার রাত ৩টায় অনলাইনে ক্লাস নেওয়ার ঘটনাও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এছাড়া, তার অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য ভাইরাল হয়ে নতুন করে আলোচনা তৈরি করে।