জাতীয়
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষিত হলে, জানুয়ারির প্রথম দিকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন, তারাই এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনে নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না— এমনকি গণমাধ্যমও নয়। কমিশনের পক্ষ থেকেও ড্রোন ব্যবহারের কোনও প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে না।’ তবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও কমিশন এর ব্যবহারে আগ্রহী এবং এটি বিবেচনাধীন।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে কমিশনার সানাউল্লাহ বলেন, ‘এবারের নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হবে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছে যাবে। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং নির্বাচন কমিশন ও ডাক বিভাগ যৌথভাবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও কার্যকর রাখতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।’
নির্বাচন কমিশনের এই প্রস্তুতির মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে ইসি বিভিন্ন দিক বিবেচনায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন সানাউল্লাহ।