জাতীয়
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন
জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ জরুরি। এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা প্রয়োজন। আগামী সপ্তাহে কমিশন এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে বলেও তিনি জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুই পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নে উল্লেখযোগ্য সংখ্যক সুপারিশ বা সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। প্রথম পর্বের সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, যার কিছু ইতিমধ্যেই সরকার অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করেছে।
দ্বিতীয় পর্বের সংলাপে গুরুত্বপূর্ণ ২০টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। এর মধ্যে ১১টি বিষয়ে সবদলের সমর্থনে জাতীয় ঐকমত্য গড়ে ওঠে, আর বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়—যেখানে কিছু দলের ভিন্নমতও উল্লেখ থাকবে। তবে প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণে ২৫টি বিষয়ে আলোচনা হয়নি।