জাতীয়

৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম

৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। ছবি: সংগৃহীত

যুব দিবস উপলক্ষে দেশের ৪ হাজার ৯৮৫ জন যুবক ও যুব নারীকে প্রায় ৪৭ কোটি ২৬ লাখ টাকার ঋণ দিচ্ছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেওয়া এ ঋণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে ব্যবহৃত হবে।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমও উপস্থিত ছিলেন।

ড. সাইফুজ্জামান জানান, চলতি বছর ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে। দিবসটি ঘিরে সারাদেশে নানা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের পর তারুণ্যের যে জয়যাত্রা শুরু হয়েছে, তা ধরে রেখে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় ২ লাখ যুবককে আত্মকর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে।’’

প্রতিবছরের মতো এবারও যুব দিবসে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ‘জাতীয় যুব পুরস্কার’ দেওয়া হবে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, গত এক বছরে দেশের ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার ৪ হাজার ৯৮৫ জন (যার মধ্যে ২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুব নারী) যুবকে ৪৭ কোটি ২৬ লাখ টাকার ঋণ দেওয়া হবে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া যুব সংগঠনগুলোর মাধ্যমে ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও, দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল কম্পিউটার ট্রেনিং ভ্যানের মাধ্যমে প্রযুক্তিগত প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বিগত ছয় মাসে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে নিযুক্ত না থাকা প্রায় ৯ লাখ যুবকে ‘ইয়ার্ন’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।