জাতীয়
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ৩টি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। একান্ত বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই চুক্তিগুলো সই হয়।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ড. ইউনূস আজ মালয়েশিয়ায় একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। এ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।