জাতীয়
আজ যমুনায় বিএনপি–জামায়াত–এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নির্বাচন ঘিরে রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ রবিবার (৩১ আগস্ট) দেশের তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে একে একে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা তিনটি দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। প্রতিটি দলের সঙ্গে বৈঠক আলাদাভাবে অনুষ্ঠিত হবে।"
প্রেসসচিব আরও জানান, সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এজন্যই রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রধান উপদেষ্টা ও তার সরকার।
আজকের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনায় নির্বাচনকালীন সরকারের কাঠামো, নির্বাচন কমিশনের ভূমিকা এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, এনসিপি নির্বাচনের স্বচ্ছতা, সমান সুযোগ নিশ্চিত করা এবং বিরোধীদলগুলোর দাবি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠক রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।