জাতীয়

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারে সন্তোষজনক অগ্রগতি : আইন উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারে সন্তোষজনক অগ্রগতি : আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ভয়াবহ হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এবং এ বিচারকার্য যথেষ্ট সন্তোষজনক গতিতেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, “জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছে। বিচারের গতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে।”

তিনি আরও জানান, শুধু হত্যাযজ্ঞ নয়, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন করার জন্য সরকার কাজ করছে। প্রয়োজনে এ ধরনের মামলার বিচার ত্বরান্বিত করতে আরও একটি নতুন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে।

পরিদর্শনকালে আইন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সূত্র: নিজস্ব প্রতিবেদক