জাতীয়

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। তার ভাষণে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কারমূলক কার্যক্রম, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এছাড়া তিনি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নিরাপদ অভিবাসন, অবৈধ অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। তারা হলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক বৈঠক। এটি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলন। ড. ইউনূসের প্রস্তাবের ভিত্তিতেই এ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়, যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থন পেয়েছে।

সফরকালে ড. ইউনূস ২৫ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকসহ একাধিক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন। তিনি জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনায় যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ‘কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা’, ‘পিসবিল্ডিং কমিশন মন্ত্রীপর্যায়ের বৈঠক’, ‘জি–৭৭ ও চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক’, নারী-শান্তি ও নিরাপত্তা নেটওয়ার্ক, ওআইসি বার্ষিক সমন্বয় সভা, বিমসটেক, সিকা এবং এলডিসি মন্ত্রীপর্যায়ের বৈঠকসহ একাধিক আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস