জাতীয়

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা চলছে। আমরা উপদেষ্টারা নিশ্চিত যে আমাদের কারও সেফ এক্সিট দরকার নেই। তবে আমরা এমন এক রাষ্ট্রে বাস করছি যেখানে ৫৫ বছর ধরে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট আর জনগণের সম্পদ লুণ্ঠন দেখেছি। এই আত্মঘাতী রাষ্ট্র কাঠামো থেকেই জাতির মুক্তি দরকার।”

আইনের প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “ভালো আইন হলেই সব বদলে যাবে—এমন আশা করার বয়স আমার নেই। আইন তৈরি করার ক্ষেত্রে ব্যর্থতা কম, কিন্তু প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমরা সীমাহীনভাবে ব্যর্থ। কারণ আমাদের সক্ষমতা সীমিত, রাজনৈতিক হস্তক্ষেপও রয়েছে।”

তিনি অভিযোগ করেন, “রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেননি, সবসময়ই তা হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী।”

মানবাধিকার কমিশনের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “ভালো আইন একটি ভিত্তি মাত্র। হিউম্যান রাইটস আইন যেন বাস্তব প্রয়োগে পরিণত হয়, সেটিই এখন চ্যালেঞ্জ। মানবাধিকার কমিশন, উচ্চ আদালত ও সংসদীয় কমিটিগুলোকে অবশ্যই শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।”

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “নির্বাচনের আগে মানবাধিকার নিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। আজকের বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত, তাই আগামীর জন্য নতুনভাবে প্রস্তুত করতে হবে।”

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।