জাতীয়

তিন মাস বেতন বঞ্চিত: রেল ভবন ঘেরাওয়ের ঘোষণা দিলেন টিএলআররা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম

তিন মাস বেতন বঞ্চিত: রেল ভবন ঘেরাওয়ের ঘোষণা দিলেন টিএলআররা
ছবি: সংগৃহীত

টানা তিন মাস বেতন পাচ্ছেন না বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) শ্রমিকরা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। দাবি আদায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) রেল ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২০ অক্টোবর) রাতে বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগে গেটকিপার, খালাসি, ওয়েম্যান, পয়েন্টসম্যান, অফিস সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন শত শত টিএলআর শ্রমিক। কিন্তু টানা তিন মাস বেতন না পেয়ে অনেকে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, “বেতন না পেয়ে শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ ঋণ করে চলছেন, অনেকে একবেলা খেয়ে দুইবেলা উপোস থাকছেন।”

শ্রমিকদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ ‘বাজেট অনুমোদন হয়নি’ এমন অজুহাতে বারবার সময় নিচ্ছেন, কিন্তু সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এর আগে, ১ আগস্ট ও ৫ অক্টোবর, দুই দফায় রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। তাতেও সাড়া না পেয়ে এবার রেল ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন তারা।

চার দফা দাবি তুলে ধরেছেন শ্রমিকরা:

১. তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও ২৫ এর নীতিমালা অনুযায়ী দৈনিক ভিত্তিতে ৩০ দিনের হিসাবে বেতন পরিশোধ।
২. প্রতিমাসের ১০ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদান।
৩. অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের প্রথা বাস্তবায়ন।
৪. কর্মস্থলে নিরাপত্তা ও শ্রমিক সুরক্ষা নিশ্চিত করা।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া এক চিঠিতে শ্রমিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে ২১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে যাবেন তারা। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলে দায়ভার থাকবে রেল কর্তৃপক্ষের ওপর।