জাতীয়

দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনা পৌঁছবেন। সেখানে পৌঁছে তিনি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুর কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এ ছাড়া রাষ্ট্রপতি নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করবেন এবং নিকট আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি পাবনা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রবিবার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে দ্বিতীয়বারের মতো গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে পাবনা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসককে প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য প্রশাসনিক সহায়তার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।