জাতীয়

আজ ১২ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম

আজ ১২ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় দিন হিসেবে আজ রোববার আরও ১২টি দলের সঙ্গে বৈঠকে বসছে। গত বৃহস্পতিবার প্রথম দিনের সংলাপে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় সম্পন্ন করার পর আজকের সূচি প্রকাশ করে ইসি।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়টি দলের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। এ তালিকায় রয়েছে—গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

এদিন বিকেলে দ্বিতীয় পর্বের সংলাপ শুরু হবে দুপুর ২টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ পর্বে ইসি মতবিনিময় করবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি, এর মধ্যে রয়েছে বিএনপি ও জামায়াতও। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। অন্যদিকে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

এ ছাড়া নতুন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়ার কথা রয়েছে।