জাতীয়

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

প্রায় ৩৯ কোটি টাকার জালিয়াতি, সোর্স ট্যাক্স না জমা দেওয়া এবং ব্যাংকের বিভিন্ন হিসাবে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ও সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিমসহ চারজনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

এজাহার অনুযায়ী, প্রথম মামলায় সাবেক এমডি ফরমান আর চৌধুরী এবং ডিএমডি (সিএফও) মোহাম্মদ নাদিম নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে ২০১৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে বেতনের বিভিন্ন পর্যায়ে মোট ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন। দ্বিতীয় মামলায় একই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে ৮৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলায় সোর্স ট্যাক্স জমা না দেওয়ার অপরাধে ফরমান আর চৌধুরী, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং আবেদ আহাম্মদ খানকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, এজেন্ট ব্যাংকিং কমিশন হিসেবে আদায়কৃত ৩৬১ কোটি টাকার ওপর ১০ শতাংশ হিসেবে ৩৬ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩৩ টাকা সোর্স ট্যাক্স কর্তন করা হলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি, ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে।

চতুর্থ মামলায় সাবেক এমডি ফরমান আর চৌধুরী ও ডিএমডি মোহাম্মদ নাদিমের বিরুদ্ধে নিজ প্রাপ্যতার অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বোনাস বাবদ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। চারটি মামলাই দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে বলে দুদক জানিয়েছে।