জাতীয়

বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ছবি: সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই গ্রুপের চেয়ারম্যান এ এস এফ (সোহেল) রহমানসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট-ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান-রোববার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন।

আসামিদের বিরুদ্ধে এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন-বেক্সিমকো এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন ও সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

বাদীপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

আইনজীবী জানান, তিন পাইলট ২০২১ সালের বিভিন্ন সময়ে বেক্সিমকো এভিয়েশন লিমিটেডে চাকরি নেন। সালমান এফ রহমান দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন হেলিকপ্টারে, যা পরিচালনা করতেন তারা। চাকরির মেয়াদকালে নিয়মিত বেতন ভাতা পেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের টার্মিনেট করা হয় বকেয়া পাওনা পরিশোধ না করেই। তাদের দাবি-পাওনা অর্থের পরিমাণ কোটি টাকার বেশি।

পরে খোঁজ নিয়ে পাইলটরা জানতে পারেন, বেক্সিমকো এভিয়েশন লিমিটেড আসলে “একটি ভুয়া কোম্পানি”। অভিযোগ অনুযায়ী, এ কোম্পানির নাম ব্যবহার করে তাদের কাছ থেকে পেশাগত সেবা নেওয়া হয়েছে এবং অর্থ লোপাটের উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ আগস্ট পুলিশ সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায়। তিনি বর্তমানে কারাগারে আছেন। তবে তার ছেলে, ভাই ও ভাতিজা বিদেশে পালিয়ে আছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।

সালমান এফ রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে কারসাজি, প্লেসমেন্ট শেয়ার জালিয়াতি, শেয়ারহোল্ডারদের অর্থ লোপাট, ব্যাংক থেকে প্রভাব খাটিয়ে বিশাল অঙ্কের ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

নতুন এই মামলার ফলে বেক্সিমকো গ্রুপের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।