জাতীয়

আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পেল বাংলাদেশ রেলওয়ে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পেল বাংলাদেশ রেলওয়ে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়েকে আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR) জমা দিতে হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আয়কর আইন অনুযায়ী করযোগ্য সত্ত্বা নয়-এ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) এনবিআর থেকে জারি করা আদেশে জানানো হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী রেলওয়ে আর কোনো ধরনের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদানে বাধ্য থাকবে না। সরকারি প্রতিষ্ঠানের আয় করমুক্ত হওয়ায় রেলওয়ের ক্ষেত্রে এ নীতিগত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এই আদেশে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব (কর আইন–১) নুসরাত ফারজানা।

সংশ্লিষ্টদের মতে, সরকারি দপ্তরগুলোতে করসংক্রান্ত নথিপত্র দাখিল ও যাচাই–বাছাইয়ের কারণে প্রায়ই জটিলতা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়। নতুন নির্দেশনার ফলে বাংলাদেশ রেলওয়ের এসব প্রশাসনিক জটিলতা আর থাকবে না এবং দাপ্তরিক কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।