জাতীয়

নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবকটি সংস্থা প্রস্তুত।”

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। “কেউ ঘর থেকে বের হতে পারছেন না”-এ ধরনের মন্তব্য সঠিক নয় বলে মন্তব্য করে তিনি জানান, অনেকে ইচ্ছা করেই বাইরে না বের হওয়ার সিদ্ধান্ত নেন, তবে নিরাপত্তাজনিত কারণে ঘরে থাকার কোনো পরিস্থিতি নেই।

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুততম সময়ে কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই আইনবহির্ভূত কর্মকাণ্ড সহ্য করা হবে না।

আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।