জাতীয়
ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে সম্মত না হলে বাংলাদেশের করার তেমন কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।
তৌহিদ হোসেন বলেন, “আমরা কী করতে পারি বলুন? করণীয় বলতে তেমন কিছুই নেই। ভারত চাইলে বা রাজি হলে তাকে ফেরত পাঠাতে পারে। তারা রাজি না হলে আমাদের পক্ষে তেমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আমরা শুধু চেষ্টা চালিয়ে যেতে পারি, এর বেশি নয়।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
সর্বশেষ, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।