জাতীয়
আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ফরাসি ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, নির্বাচনপূর্ব নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধি, উন্নয়নমূলক কার্যক্রম এবং চলমান প্রশিক্ষণ উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হয়েছে।”
আইজিপি আরও জানান, বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দায়িত্ব পালনে নিশ্চিন্ত বোধ করবেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ, ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পুলিশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, “ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় আরও সুসংহত করতে আগ্রহী।”
তিনি মানবাধিকার, গণতান্ত্রিক পুলিশিং এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশকে সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।