জাতীয়
যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে ভিসা-সংক্রান্ত সব সেবা কার্যক্রম শুরু করেছে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশন সূত্র জানায়, বর্তমানে আবেদন গ্রহণসহ ভিসা সংক্রান্ত কার্যক্রম পূর্বের নিয়মেই পরিচালিত হচ্ছে।
এর আগে বুধবার ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা। এর অংশ হিসেবে ওই দিন দুপুর ২টা থেকে সাময়িকভাবে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
এদিকে একই দিনে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি কূটনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ভিসা প্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরেছে।